লাউ এর ফলন বৃদ্ধিতে 3G কাটিং
আজকের আয়োজনে থাকছে - কি করে লাউ গাছের ফলন বাড়ানো যায়? লাউ চাষ আমাদের এই শহরের জনপ্রিয় এক কৃষিকাজ। দেশী শাক সবজি আবাদের ক্ষেত্রে - সম্ভবত লাঊই সবারই প্রথম পছন্দের । অনেকেই সফল ভাবে বহু বছর যাবত লাউ এর আবাদ করে যাচ্ছেন । আবার আমরা অনেকেই সংগ্রাম করে যাচ্ছি । আজকের এই ছোট্ট আয়োজনে থাকছে - নবীন লাউ চাষিদের জন্য 3G কৌশল, যার প্রয়োগে লাউ চাষে সাফল্যের সম্ভবনা থাকে সবচেয়ে বেশী।
লাউ গাছের পুরুষ ও স্ত্রী ফুল চেনার উপায়?
সর্বপ্রথম আসুন আমরা পুরুষ ফুল এবং স্ত্রী ফুলটা চিনে নেই ।পুরুষ ফুলের বৈশিষ্ট্য হচ্ছে- নিচের দিকে কোনো লাউ থাকবে না, শুধু ফুল থাকবে। স্ত্রী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে- ফুলের নিচের দিকে ছোট্ট একটা লাউ থাকবে এবং উপরে ফুল থাকবে। এখানে আসল বিষয়টা হচ্ছে এই স্ত্রী ফুল যদি সঠিকভাবে লালন পালন করা যায়, তাহলেই লাউয়ের ভালো ফলন পাওয়া সম্ভব ।
এখন আমাদের জানতে হবে গাছের 1G, 2G, 3G এবং 4G শাখা কোনগুলি?
লাউয়ের বীজ থেকে যে গাছটি উৎপন্ন হবে, তাঁকে Fast Generation অর্থাৎ 1G বলা হয় ।এই মূল গাছটির ৫ টি পাতা পর্যন্ত কোনো ব্রাঞ্চ অর্থাৎ শাখা-প্রশাখা বের হতে দেয়া যাবেনা, যদি শাখা-প্রশাখা বের হয়, তাহলে অবশ্যই কেটে দিতে হবে।
৫ পাঁচ পাতার পর যে শাখা অর্থাৎ ব্রাঞ্চগুলি বের হবে, সেগুলিকে আমরা Second Generation অর্থাৎ 2G হিসাবে ধরতে পারি। অর্থাৎ 1G-এর থেকে ৫ টি পাতা পরে যে শাখা ব্রাঞ্জ বের হয়, তাকে আমরা 2G হিসাবে ধরে নিতে পারি।
এই 2G গা থেকে যে ব্রাঞ্চ বা শাখা বের হয়, তাকে আমরা 3G বা Third Generation হিসাবে ধরে নিতে পারি। এই ভাবে Fourth Generation পর্যন্ত হয়ে থাকে।
1G, 2G, 3G এবং 4G এরমধ্যে কোনটায় বেশী ফলন হয়?
1G-এর থেকে যে ফুলগুলো বের হয়, তা সাধারণত পুরুষ ফুল হয়ে থাকে। এই পুরুষ ফুল থেকে কোনো প্রকার লাউয়ের আশা করা সম্ভব না। এই পুরুষ ফুলগুলো, গাছের স্ত্রী ফুলের পরাগায়নের জন্য দরকার পড়ে।
2G-এর গা থেকে যে ফুলগুলো বের হবে, তার অনেকগুলোই পুরুষ হতে পারে, আবার স্ত্রী ফুলও হতে পারে। 2G-এর গা থেকে যে ফুলগুলো বের হয়, তা থেকেও তেমন ফলন পাওয়ার সম্ভবনা থাকেনা ।
কিন্তু 3G-এর গা থেকে যে ফুলগুলো বের হবে, তার বেশিরভাগই স্ত্রী ফুল বের হবে এবং সেই স্ত্রী ফুল থেকে আশানুরূপ লাউ আশা করা যেতে পারে।
3 G কাটিং করার সময় আমাদের যে দিকগুলিতে নজর দেওয়া প্রয়োজন, সেগুলি হলোঃ
1. বীজের অঙ্কুরোদগমের পর ও প্রাথমিক শাখার বৃদ্ধির পাঁচ-পাতা (5 leaf stage) পর্যন্ত কোনরকম ‘২ জি’ পার্শ্ব শাখার (Side shoot) উৎপত্তি হলে, অবশ্যই তা পুরোটাই কেটে বাদ দিতে হবে।
2. প্রাথমিক শাখা বা 1G র অগ্রভাগ ছাঁটাই এর জন্য গাছের উচ্চতা ন্যূনতম ৬-৮ ফুট হতে হবে।
3. 2G প্রশাখার অগ্রভাগ ছাঁটাই-এর আগে খেয়াল রাখা দরকার সেটি যেন ন্যূনতম ১২ টি পাতা বিশিষ্ট হয়।
4. এই পদ্ধতি অনুসরণের পূর্বে দেখে নিতে হবে যেন মাটিতে পর্যাপ্ত রস থাকে ও গাছ পর্যাপ্ত সূর্যালোক পায়।
5. খেয়াল রাখতে হবে, যেন গাছ খুব বেশী ঝাঁকালো না হয়ে যায়। সেক্ষেত্রে গাছের অভ্যন্তরে সূর্যের আলো সঠিকভাবে পৌঁছতে পারবে না।
6. 3G বা তৃতীয় বর্গীয় প্রশাখাগুলি থেকে যাতে চতুর্থ প্রজন্মের প্রশাখার জন্ম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে ।
7. ছাঁটাই অবশ্যই নতুন ও পরিষ্কার ব্লেড দিয়ে করা উচিৎ। এক্ষেত্রে পরিষ্কার হাত বা আঙ্গুলের ব্যবহারও করা যেতে পারে।
আপনারা যাঁরা লাউ গাছের আশানুরূপ ফলন পাচ্ছেন না অথবা কম সংখ্যক স্ত্রী ফুল আছে, তাঁরা অবশ্যই এই প্রযুক্তিটি ব্যবহার করে দেখতে পারেন ।
সবাই ভালো থাকবেন
প্রকৃতির পাশে থাকবেন ।